ফরিদপুরের নগরকান্দা
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, অস্বাভাবিক দাবি করে থানায় মায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পপি বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সদর বাজারে চেয়ারম্যানের গলি এলাকার গোলাম মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে।
পপি বেগম নগরকান্দার কাইচাইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর বাড়ি একই ইউনিয়নের শ্রীরামপট্টি গ্রামে। তবে পপি বেগম, স্বামী শহিদুল ইসলাম এবং দুই মেয়ে এক ছেলেকে নিয়ে নগরকান্দা সদরে গোলাম মোস্তফার বাড়িতে ভাড়া থাকেন।
গোলাম মোস্তফা নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন, পাশাপাশি তিনি সাংবাদিকতা করেন। তিনি দৈনিক সরেজমিন বার্তার নগরকান্দা উপজেলা প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি সেখানে প্রায় ৮ বছর অবস্থান করেন। তবে গত ৫ বছর ধরে তিনি দেশে অবস্থান করছেন।
ঘটনার পর গতকাল বুধবার বিকেলে পপির মা বিউটি বেগম (৫৫) বাদী হয়ে ঘটনার বিবরণ দিয়ে তার মেয়ের “অস্বাভাবিক মৃত্যু” দাবি করে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করার দাবি জানিয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন।
কাইচাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাদিপুর গ্রামের বাসিন্দা ফারুক মাতুব্বর বলেন, গত ২৯ মার্চ পপি তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল বুধবার সকালেই নিজের বাসায় ফিরে আসেন।
ফারুক মাতুব্বর আরও বলেন, স্বামী শহীদুল ইসলাম কোন কাজ করতেন না এবং জুয়া ও তাস খেলে দিন কাটাতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
এ লাশ উদ্ধারে দায়িত্ব পালনকারি নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, পপির এক মেয়ে গতকাল সকাল সাড়ে দশটার দিকে স্কুল থেকে ফিরে তাদের ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে ঘরের ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পায়।
ইরানুল ইসলাম আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে আমাদের কাছে মনে হয়েছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানী আজাদ বলেন, এই মৃত্যুটি অস্বাভাবিক। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে গতকাল বুধবার বিকেলেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পপির মায়ের মামলাটি আপাতত অপমৃত্যুর মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের যদি এটি হত্যাকাণ্ড হিসেবে প্রতিবেদন পাওয়া যায় তাহলে এই মামলাই হত্যা মামলায় রূপান্তরিত হবে।
Leave a Reply