ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন এমপির
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে
ফরিদপুরে এই গুদাম নির্মিত হচ্ছে।
অনুষ্ঠানে এমপি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরো সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।
তিনি বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। ফরিদপুর অংশে প্রায় ১০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি গুদামের মাধ্যমে দেশের কৃষিখাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ঠিকাদারি প্রতিষ্ঠান স্বত্বাধিকারী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস তরুণ, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম সহ বিসিআইসি এর কর্মকর্তা কর্মচারী, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply