ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামিকে ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এই মামলার ২০১ ধারায় এই সকল আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এই সকল আসামিরা আটক থাকাকালীন অবস্থায় যে সাজা ভোগ করেছেন সেখান থেকে বাদ যাবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসাঃ ফরিদা বেগম (পলাতক), ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। মামলার ৪ আসামির মধ্যে ৩ আসামী উপস্থিত ছিলেন। বাকি আসামি মোসাঃ ফরিদা বেগম পলাতক রয়েছে। রায় ঘোষণার পরে পুলিশ পাহারায় ৩ আসামীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, পূর্ব শত্রুতার বিরোধের জেরে ২০১৮ সালের ৯ মে রাত থেকে ১৩ মে বিকেলের মধ্যে ঝাউখোলা এলাকার ইমাম উদ্দিন শেখের পুত্র হাসান শেখ কে হত্যা করে লাশ পুতে রাখা হয়। ১৩ই মে বিকেলে ঝাউখোলা গ্রামের আখ ক্ষেতে স্থানীয়রা কাজ করতে গিয়ে লাশের গন্ধ পেয়ে সেখান থেকে বস্তা বন্দী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট শাহ্ মোঃ আজিজুর রহমান বিকু বলেন, ‘মামলায় অভিযুক্ত ৬ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট রয়েছি বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply