ফরিদপুরে মহালয়ায় ব্যতিক্রমী আয়োজন, নৃত্যনাট্য ও ১২ ঢাকের উৎসব
বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়া উপলক্ষে ফরিদপুরে প্রথমবারের মতো ব্যতিক্রমী নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে ১২টি ঢাকের সম্মিলিত বাদ্য এবং নৃত্যনাট্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় আবহ, ঢাকের ছন্দ ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টায় ফরিদপুর শহরের ফরিদপুর সার্বজনীন পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে নিলটুলী আইডিয়াল ক্লাবের উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গার আহ্বান ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে ধর্মীয় কার্যক্রম শুরু হয়। মহালয়ার তাৎপর্যকে সামনে রেখে দেবী দুর্গার আগমনকে বরণ করে নিতে আয়োজন করা হয় নৃত্যনাট্য ও ঢাক উৎসবের। একসঙ্গে ১২টি ঢাকের বাদ্যে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাকের ছন্দে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে।
এ আয়োজনে বিভিন্ন বয়সী শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি নৃত্যনাট্য ও ঢাকের পরিবেশনা উপভোগ করেন তাঁরা। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজক নিলটুলী আইডিয়াল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্নকে আরও উৎসবমুখর করে তুলতে এবং বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যকে বিশেষভাবে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেবী দুর্গার আগমনকে স্বাগত জানিয়ে ১২টি ঢাকের সম্মিলিত পরিবেশনার মাধ্যমে নতুন মাত্রায় মহালয়া উদযাপনের চেষ্টা করা হয়েছে।
আয়োজকদের দাবি, দেবী দুর্গার আগমনকে স্বাগত জানিয়ে এ ধরনের ঢাক উৎসব দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে।
উল্লেখ্য, মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা বহন করে। এ দিন থেকেই দুর্গাপূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ফরিদপুরে নৃত্যনাট্য ও ঢাক উৎসবের এ আয়োজন সেই আগমনী আবহকে আরও বর্ণিল করে তুলেছে।
Leave a Reply