পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে ছিনতাইকারী সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলা চালানো হয়েছে শহরের মদনখালী সুইসগেট এলাকায় পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং সেন্টারের সামনে।
ছিনতাইকারী দলের গ্যাং লীডার আল আমীনের নেতৃত্বে টিকটকার সাকিব, তার ভাই লিয়ন সহ চিহ্নিত ছিনতাইকারীরা এ হামলা করে। দুর্বৃত্তরা ধারালো কাঁচি দিয়ে জাকিবের পিঠে, হাতের উপরে কাঁধে ও কোমরে কুপিয়ে জখম করে এবং লাঠিশোঠা দিয়ে আঘাত করে।
আহতাবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকিব আহমেদ স্থানীয় পত্রিকা দৈনিক ফতেহাবাদ সহ ঢাকার একটি জাতীয় দৈনিক ও আইটি টিভিতে কাজ করছেন।
জানা গেছে, গত বুধবার দুপুরে সালথার এক যুবক তার বাগদত্তা হবু স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় স্লুইসগেটে।
সেখান থেকে ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেলে করে এসে আল আমীন ও তার সহযোগী দুর্বৃত্তরা বেরিবাঁধ সড়কে ডাম্পিং স্টেশনের সামনে তাদের আটকায়। তারা ওই মেয়ের শরীরে হাত দেয় এবং তার পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করে।
পরে তাদের নিকটে থাকা টাকা পয়সা ও বিয়ের সোনার আংটি কেড়ে নেয়।
পরিচিত এক ছোট ভাইয়ের মাধ্যমে এ খবর জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে এ বিষয়ে খবর সংগ্রহে সেখানে যান সাংবাদিক জাকিব।
তিনি সেখানে আগের দিনের ছিনতাইয়ের সিসি ফূটেজ সংগ্রহ করেন এবং অভিযুক্ত আল আমীনের বক্তব্য নেন।
একপর্যায়ে মোবাইলে ফুটেজ ধারণের সময় লাঠি দিয়ে তার হাতে আঘাত করে। এতে হাতে তীব্র যন্ত্রণা ও হাত থেকে মোবাইল পড়ে ভেঙে যায়। এরপর ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সংঘবদ্ধ এই ছিনকারীর কবলে প্রতিনিয়ত সর্বস্বান্ত হচ্ছেন টেপাখোলা সুইসগেটে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা।
নদী ভাঙনের শিকার বেশকিছু পরিবারকে মানবিক কারণে সেখানে অস্থায়ী বসতি গড়ার সুযোগ দেওয়া হয়েছিল গত দুই দশক আগে। ওই পরিবার থেকেই বেড়ে ওঠা কিশোর-যুবকেরা এখন এই ভয়ংকর গ্যাং কালচারে জড়িত হয়ে জনমনে আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার রাতেও সেখানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শহর ফরিদপুরের নিরাপত্তার স্বার্থেই এই দুর্বৃত্তদের নিবৃত্ত করা এখন সময়ের অনিবার্যতা হয়ে উঠেছে।
সাংবাদিক জাকিবের উপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তার দাবি:
পেশাগত দ্বায়িত্ব পালনকালে সাংবাদিক জাকিব আহমেদের উপর ছিনতাইকারীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে ফরিদপুরের সাংবাদিকদের পক্ষ থেকে।
এব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শুক্রবার বিকেলে জানিয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ।
কোতয়ালী থানার ওসি তদন্ত সুকান্ত পাল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply