ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ
রোববার সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
পরে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন এবং মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্যচাষিদের স্বনির্ভর করার উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা মৎস্য খাতের ওপর নির্ভরশীল। তাই মৎস্য শিল্পকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য আজ ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।
Leave a Reply