ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, দুই যুবক আটক
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় সুমাইয়া (১৫) নামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মাহেন্দ্রচালকসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে স্থানীয়দের সন্দেহ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল বিল মাহমুদপুর এলাকা থেকে কিশোরীসহ দুই যুবককে উদ্ধার ও আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে লেখাপড়া করছে না। সে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় দাদি ও ফুফুর সঙ্গে বসবাস করত। তার বাবা মমিদুল ইসলাম ওরফে সানবির বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছেন এবং মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে দাদি ও ফুফুর নির্যাতনের শিকার হয়ে সুমাইয়া বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে কোতোয়ালি থানাধীন ধুলদি এলাকার পলাশ ওরফে পাগলা বাবা ফকিরের বাড়িতে যায়। তবে রাত হয়ে যাওয়ায় তাকে পরদিন সকালে আসতে বলা হয়।
সেখান থেকে বের হয়ে সুমাইয়া ধুলদি স্ট্যান্ডে পৌঁছালে দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রগাড়িতে ওঠে। গাড়িটির চালক ইকবাল (৩২) এবং তার সঙ্গে ছিলেন মজিদ বেপারী (২৯)। সুমাইয়া কোতোয়ালি থানায় যাওয়ার কথা বললে মাহেন্দ্রচালক তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তোলেন।পথে ফরিদপুর-ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় তারা খাবার খায়। খাওয়া শেষে সুমাইয়া কোতোয়ালি থানায় যেতে চাইলে তাকে বলা হয়, এত রাতে থানা খোলা থাকে না। পরদিন সকালে থানায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে তাদের সঙ্গে বাসায় যেতে বলা হয়।
পুলিশ জানায়, পরে ইকবালের বাড়িতে না গিয়ে মাহেন্দ্রগাড়িটি মজিদ বেপারীর বিল মাহমুদপুর এলাকার বাড়ির দিকে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে বিল মাহমুদপুর এলাকায় পৌঁছালে স্থানীয় নিরাপত্তাকর্মীরা গাড়িটি আটক করেন।
গাড়িতে অল্পবয়সী এক কিশোরীকে দেখে স্থানীয়রা ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই কিশোরীকে তার স্ত্রী বলে পরিচয় দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরী ও দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে নারী ডেস্কে রাখা হয় এবং আটক দুই যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply