ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা
চিকিৎসাসেবার মানোন্নয়ন, দালালমুক্ত পরিবেশ ও অবকাঠামোগত সমস্যা সমাধানে গুরুত্ব
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়।
আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। হাসপাতালের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালে পর্যাপ্ত ওষুধের সরবরাহ বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।সভায় হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। রোগীদের ভোগান্তি কমিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করাই সভার মূল লক্ষ্য হিসেবে উঠে আসে।
Leave a Reply