ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় পথিমধ্যে তিন বন্ধুর বাসের চাপায় মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দলিলউদ্দিন মোল্লার ছেলে মোটরসাইকেলের চালক চয়ন মোল্লা (২৩), চয়নের বন্ধু একই এলাকার এনায়েত শেখের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজিব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পরে নগরকান্দা থেকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন৷ এরপর ঘোরাঘুরি শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন৷ এসময় তারা ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চয়ন নিহত হয়। এসময় অপর দুইজন গুরুতর আহত হয়। পরে আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে রাতেই তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এরপর মধ্যরাতের পরে ঢাকায় তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন, গতকাল রাতে অজ্ঞাত এক গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত দুজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।
এদিকে একই এলাকার তিন সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে পুরো এলাকা। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
Leave a Reply