ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ফরিদপুর একটি প্রাচীন ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহর। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ এবং নাগরিক সেবার চাহিদা বাড়ায় বর্তমান পৌরসভা কাঠামোর মাধ্যমে আধুনিক নগরসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
চিঠিতে বলা হয়, ফরিদপুর পৌরসভার আয়তন ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার থেকে বেড়ে ৬৬ দশমিক ৫৪ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ৯ থেকে ২৭-এ উন্নীত হয়েছে। পৌরবাসী অনেক ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সমপর্যায়ের কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও সেই অনুপাতে উন্নত নাগরিক সেবা ও অবকাঠামোগত সুবিধা পাচ্ছেন না।
সংসদ সদস্যের মতে, সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে।
উল্লেখ্য ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগকে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়।
Leave a Reply