রাজু হত্যা নিয়ে উত্তপ্ত ফরিদপুর-
আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এই মাটিতে আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না। যারা দেশে অরাজকতা করে, মানুষ হত্যা করে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে তাদেরকে সেখানেই থাকতে হবে।
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মোটরসাইকেল র্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গতকাল আমাদের এক ভাই রাজুকে ভাঙ্গায় হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিল থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সিবাজার হয়ে পুনরায় ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেয়। র্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন।
Leave a Reply