খেলাঘরের উদ্যোগে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অপহরণের প্রতিবাদে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরস্থ পিঠা-কুমড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় খেলাঘর ফরিদপুর জেলা কমিটি, ইলা মিত্র খেলাঘর আসর ও তিতুমীর খেলাঘর আসরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক নূর আব্দুল্লাহ্ সাঈদ। বক্তব্য দেন ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, তিতুমীর খেলাঘর আসরের আহ্বায়ক অসিত চক্রবর্তী, সদস্য সচিব লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী ও শিশুর ওপর নির্যাতন এখন আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়; এটি সমাজের গভীরে প্রোথিত সহিংসতা, বৈষম্য ও বিচারহীনতার নির্মম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মহিলা পরিষদের জানুয়ারি–আগস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, এ সময়ে ২৪০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ১১২ জন ধর্ষণচেষ্টার শিকার এবং ধর্ষণের পর ২২ জন কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছে ৮৮৪ জন কন্যাশিশু।
সভায় আরও বলা হয়, ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হওয়ার তথ্য সামনে এসেছে; এর মধ্যে ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ। বক্তারা বলেন, এসব পরিসংখ্যান শুধু সংখ্যা নয়—প্রতিটি সংখ্যা একটি পরিবার, একটি শৈশব এবং একটি মানবিক জীবনের নির্মম বিপর্যয়ের প্রতিচ্ছবি।
Leave a Reply