নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি ড. ইলিয়াস মোল্লা
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রাম ও গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ ও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং নদীভাঙনকবলিত এলাকা সরেজমিনে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ফরিদপুরে পদ্মা, মধুমতী ও কুমার নদীর ভাঙনে প্রতিবছর বিপুল পরিমাণ জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব নদীকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাঁর সংসদীয় আসনের শত মাইলেরও বেশি এলাকাজুড়ে নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে মানুষ ভাঙনের শিকার হচ্ছেন। এতে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংসদেও কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, এন বি ডি সি মাদ্রাসার সুপার আব্দুর রব ফারুকীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Leave a Reply