ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাটসহ সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় জনসাধারণ ও রোগীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল ও হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাটের কারণে রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন ঠেকাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ অভিযানের ফলে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযানটি চলছিল ।
Leave a Reply