ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ
বিশেষ প্রতিনিধি:
পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক -ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতির কৃষক-কৃষাণী ও সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠে তাদের মধ্যে এই চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর অঞ্চলের ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক -ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ কৃষিবিদ আঃ কাদের সরদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান সহ সুবিধাভোগী সদস্যরা।
এসময় প্রধান অতিথি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, বর্তমানে তা নেই। এ কারণে আমাদের সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে, আর এ কারণে সকলকে যত্নবান হতে হবে।
পরে ৮টি সমিতির ৪০০ জন কৃষকদের মাঝে কৃষক প্রতি ১০টি করে বিভিন্ন জাতের চারা তুলে দেন অতিথিরা।
Leave a Reply