ফরিদপুরের জনসভায় ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান।
বিশেষ প্রতিনিধি ঃ
ফরিদপুরের জনসভা থেকে ফরিদপুরকে বিভাগ দেওয়ার আশ্বাস দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
বুধবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুপুর আড়াইটার পরে তিনি সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়িতে করে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন। পরে দুপুর ৩টা ২১ মিনিটে তার বক্তব্য শুরু করেন।
বক্তব্যের শুরুতেই তিনি ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এবং তাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য ভোট প্রার্থনা করেন।
পরে তিনি তার বক্তব্য বলেন, এরা আগামী নির্বাচনে নির্বাচন করবে। তারা আপনাদের এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে। তারা নির্বাচিত হলে আপনাদের জন্য ২৪ ঘন্টায় কাজ করবে।
আপনাদের মাঝ থেকে কথা উঠে এসেছে ফরিদপুর কে বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণার। আমি কথা দিচ্ছি আপনাদের সামনে ধানের শীষ নির্বাচিত হলে দায়িত্ব বিএনপি’র এগুলো বাস্তবায়নের।
তারেক রহমান বলেন, ১২ তারিখ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে আমরা কী কী করব তার পরিকল্পনা করেছি। এই এলাকার অন্যতম একটি সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় নদী ভাঙন রোধ করতে পারলে এই গ্রেটার ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাব।
এই এলাকার কৃষকদের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায়। এই এলাকার কৃষকরা যাতে শুষ্ক মৌসুমে পানির অভাবে পড়তে যাতে না হয়। এগুলো বাস্তবায়ন হলে আপনাদের ভাগ্যের অনেক পরিবর্তন হবে। আগামী নির্বাচনে জনগণের রায় পেলে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা কৃষকদের কৃষক কার্ড দেব। তার মাধ্যমে ফসল ফলাতে বীজ সার পৌঁছে দিতে চাই। এই এলাকার একটি অন্যতম সমস্যা বেকারত্ব। আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করব যাতে তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। নারীদের পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারব না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। এর মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।
তারেক রহমান আরো বলেন, একটি গুপ্ত সংগঠন দেশে ষড়যন্ত্র শুরু করেছে। তবে ১২ তারিখ পর্যন্ত এদের ষড়যন্ত্র রুখতে হবে। আর এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে পারি তাহলে ১৩ তারিখে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন “করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ”।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এই সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, মোঃ সেলিমুজ্জামন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর ৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ১ আসনের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু সহ ফরিদপুর পাঁচটি জেলার বিএনপির মনোনীত প্রার্থীগণ।
Leave a Reply