ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ছিলেন।
আজ
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ৫ জন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
Leave a Reply