ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক রথযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে রথযাত্রা বের হয়। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের উদ্যোগে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে পৌঁছাবে।
এছাড়া বেলা ১১টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা থেকে আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বিকেল ৪টায় ফরিদপুর ইসকন মন্দিরের উদ্যোগে আরও একটি বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হবে।
রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মানুসারে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়।
রথযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply