ফরিদপুরে ৮টি শ্রেষ্ঠ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
বিশেষ প্রতিনিধি:
সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে দেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের মধ্যে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত তরুণ-তরুণীদের হাতে পুরস্কার তুলে দেন এবং যুব সংগঠনগুলোর জন্য অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আটটি বিভাগে নির্বাচিত ১৫ জন তরুণ-তরুণীকে এ পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো—আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি। প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে এক লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের মধ্যে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। জেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ সংগঠনকে এক লাখ টাকা এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত ২০টি যুব সংগঠনকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।
যুবসমাজের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করার পাশাপাশি অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচিত সংগঠনগুলোর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়।
এরই অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানে যুক্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আটটি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী,সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মঈন আহসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।
যুব সংগঠনগুলোর প্রতিনিধিরা এ অনুদানকে সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণে সহায়ক হিসেবে দেখছেন।
Leave a Reply