প্রধানমন্ত্রীর উপহার নিয়ে
অসুস্থ ত্যাগী বিএনপি নেতাদের বাড়িতে সাংসদ শহিদুল ইসলাম বাবুল
বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার নিয়ে অসুস্থ ও অসচ্ছল ত্যাগী দুই বিএনপি নেতার বাড়িতে হাজির হলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে তিনি অসুস্থ নেতাদের পাশে দাঁড়ান। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা ও আর্থিক সহায়তার উদ্যোগও নেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর অসুস্থ দুই বিএনপি নেতার বাড়িতে যান সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
অসুস্থ নেতারা হলেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আইয়ুব খান এবং একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতি তালুকদার। তাঁরা দুজনই দারিদ্রতা ও অসুস্থতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব খান অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁর বাড়িতে গিয়ে পাশে দাঁড়ান সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আইয়ুব খানের শারীরিক অবস্থার কথা শুনে সেখানে বসেই একজন হৃদ্রোগ বিশেষজ্ঞের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। আইয়ুব খানের চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাঁকে নগদ অর্থ সহায়তা দেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাঁর জন্য ফলের ঝুড়িও উপহার হিসেবে তুলে দেন।
অন্যদিকে, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতি তালুকদারের বাড়িতেও গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। অসুস্থ এই নেতার প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি। তুলে দেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার।
এসময় সাংসদ শহিদুল ইসলাম বাবুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন ত্যাগি বিএনপি নেতাকর্মীদের খোঁজখবরের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর। এই নির্দেশনা পেয়েই আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আপনাদের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমি করতে প্রস্তুত রয়েছি।
দীর্ঘদিন দলের রাজনীতিতে যুক্ত থাকা অসুস্থ ও অসচ্ছল নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা।
Leave a Reply